জৈন্তাপুর প্রতিনিধি:- বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক প্রায় দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী-৭৯৮ পিস, কাশ্মীরি শাল-১২১ পিস, থ্রী পিস-৮১ পিস, কসমেটিকস সামগ্রী-৪৫৬ পিস, মকমল সোফার কভার-২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ০২ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ছিয়াশি লক্ষ আশি হাজার দুইশত আশি টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.