প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
সিলেটে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহার

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৫)। সিলেটের সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠায় তার পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা শামীম আহমদ বারবার মূর্ছা যাচ্ছেন। মুনতাহাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন।
গত ৩ নভম্বের বিকেল ৩টা থেকে মুনতাহা নিখোঁজ রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে কেউ ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।
জানা যায়, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশুটি। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় সে। কিন্তু বিকেল হলে বাড়িতে না ফিরলে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।
শিশুটির বাবা শামীম আহমদ বলেন, এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.