
সিলেটে র্যাবের অভিযানে ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ নুরুল আফসার নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৯ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।