বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ৮ থেকে ১২ বছর বয়সী শিশু হাফেজদের গ্রুপে প্রথম হন। আনাস মাহফুজ ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র।
এছাড়া, কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি উদীয়মান ক্বারী আবু জর গিফারী। তাঁরা দুজনই বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের জন্য সম্মান এনেছেন।
কুয়েতের স্থানীয় সময় অনুযায়ী, ১৯ নভেম্বর বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে হাফেজ আনাসের নাম প্রথম স্থান হিসেবে ঘোষণা করা হয়, এবং কেরাত প্রতিযোগিতায় আবু জর গিফারী তৃতীয় স্থান লাভ করেন।
১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়। বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাফেজ আনাস মাহফুজ ছোটদের গ্রুপে, হাফেজ সালেহ আহমদ তাকরিম বড়দের গ্রুপে, এবং আবু জর গিফারী ক্বারী গ্রুপে প্রতিযোগিতা করেন।
হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.