
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের ছোটকান্দা নামক স্থানে শতবর্ষী হিজল বাগান রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।
শনিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে সুনই গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনৈতিক ভাবে হিজল বনের ভূমি থেকে মাটি কেটে অন্যত্রে বিক্রয়কারী ও হিজল বন থেকে হিজল গাছ কর্তনকারীদের আইনের আওতায় আনা, হিজল বাগানের সীমানার ভেতরে স্থাপিত অগভীর-গভীর সেচ মেশিন বন্ধ করণ, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও হিজল বাগানের সীমানা নির্ধারণের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সুনই গ্রামের বাসিন্দা ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান ডালির সঞ্চালনায় বক্তব্য দেন, পাইকুরাটি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল বাতেন, সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলি, ইউপি সদস্য শাহজাহান মিয়া, সোরাপ আহমেদ, আল আমিন, শরীফ আহমেদ মামুন, ইউপি সদস্য মোফাজ্জল মিয়া, সুনই গ্রামের বাসিন্দা নূরুজ্জামান খান প্রমুখ।
বক্তারা অবিলম্বে তাঁদের চারদফা দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া যানা যায়, হিজল নাগানটি এসএ খতিয়ানে ৮৪ একর ছিল কিন্তু বর্তমানে আরএস খতিয়ানে ৮১ একর ভূমি রেকর্ড হয়েছে।
ধর্মপাশার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের পেছনে ছোট কান্দা নামক স্থানে সরকারি খাস ৮১ একর লায়েক পতিত ভূমি রয়েছে। এর মধ্যে বেশ কিছু খাসজমি ভূমিহীন কৃষকদেরকে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে। এটি সরকারিভাবে হিজল বাগান নামে এখনো নথিভূক্ত হয়নি। তবে এ পতিত ভূমি থেকে মাটি কেটে অবৈধভাবে অন্যত্রে বিক্রি ও হিজল গাছ কর্তনকারীদের আইনের আওতায় আনাসহ বন্দোবস্তের বাইরে থাকা ভূমির সীমানা নির্ধারণ, অবৈধ দখলে থাকলে দখলকারীদের উচ্ছেদকরণ এটি হিজল বাগান হিসেবে সৃজন করাসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।