
হবিগঞ্জের মাধবপুরে একটি গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) এবং রুমি আক্তার (২৫)।
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিন নারী শ্রমিক সকালে একটি ব্যাটারিচালিত টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশায় নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.