
সিলেটবাসীর সঙ্গে বিমানের বিমাতাসুলভ আচরণে এবার ক্ষুব্ধ হয়েছে আটাব নেতৃবৃন্দ। তারা জানিয়ে দিয়েছেন, বিমান ভাড়ায় বৈষম্য দূর করে সমতা না আনলে বাংলাদেশ বিমান বয়কটসহ বিমান অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হবে।
মঙ্গলবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস' আঞ্চলিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে আটাব সিলেটের আঞ্চলিক সভাপতি মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, ‘যেখানে ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান ভাড়া সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা, সেখানে তুলনামূলক কম দূরত্বের সিলেট-ঢাকা রুটের যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং সিলেটের জনগণের প্রতি বিমানের বৈষম্যমূলক মনোভাবের স্পষ্ট প্রমাণ।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বাংলাদেশ এয়ারলাইনসে ঘাপটি মেরে আছে। অনতিবিলম্বে বাংলাদেশ বিমানকে এসব দোসর মুক্ত করতে হবে এবং পর্যটন নগরী সিলেটের সঙ্গে দেশ-বিদেশের সব গন্তব্যে ন্যায্য ভাড়ায় বিমান চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ সভায় আটাবের সিলেট আঞ্চলিক সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আঞ্চলিক পরিষদের সদস্য দিদার আহমদ, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ বিমানকে যাত্রীবান্ধব করতে হলে সবার জন্য সমান ভাড়া ও উন্নত সেবা নিশ্চিত করতে হবে। সিলেটবাসী কোনোভাবেই বিমানের এ বৈষম্যমূলক আচরণ মেনে নেবে না। দ্রুত এ সমস্যা সমাধান না হলে সিলেটের জনগণ বিমান বয়কটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.