
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) উসমান গণি।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মহান স্বাধীনতা দিবসের এই আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সম্মাননা পান। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বিশেষত এই দিনটি ছিল শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও জাতীয় চেতনায় উদ্ভাসিত, যেখানে জাতির সূর্যসন্তানদের স্মরণ করে ভবিষ্যতের পথচলায় অঙ্গীকারবদ্ধ হন সকলে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.