জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সরকারি ইজারাকৃত বাজারের নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে গড়ে ওঠা ভারতীয় পশুর হাট উচ্ছেদের পর এবার তামাবিল মহাসড়কের হরিপুর বাজার অংশের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১লা এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট দুপুরে মাইকিং করে জানিয়ে দেয়, বিকেল ৪:০০ ঘটিকার মধ্যে মহাসড়কের পাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করার পরপরই স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট থেকে মালামাল সরানোর কাজ শুরু করেন। সরেজমিনে দেখা যায়, হরিপুর বাজারে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা স্টেশনারি, ইলেকট্রনিক পণ্য, কাঁচামাল, রেস্টুরেন্টের আসবাবপত্র, ভলগেনাইজিং ওয়ার্কশপের যন্ত্রপাতি দ্রুত সরিয়ে নিচ্ছেন।
এ সময় হরিপুর ব্রিজ থেকে মূল মহাসড়ক হয়ে তাড়ুহাঁটি ভাতের হোটেল পর্যন্ত এলাকায় মালামাল সরানোর কর্মব্যস্ততা লক্ষ করা যায়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা জানান, বিকেল ৪ টায় মধ্যে সকল ব্যবসায়ীকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যার আগে সড়ক ও জনপদ বিভাগ ও জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে হরিপুর বাজার এলাকা পরিদর্শন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.