
সিলেটের জৈন্তাপুরে র্যাব-৯ এর সিপিএসসি, সিলেট শাখার মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জৈন্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯৪ বোতল বিদেশি মদসহ ইমন আহমেদ (২১) নামের ওই যুবককে আটক করে র্যাব। উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র।
র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল দুপুর ২টা ৩৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার জৈন্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাগ ও কার্টনে মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৪ বোতল বিদেশি মদসহ ইমনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইমন আহমেদ মাদকদ্রব্য গুলো নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটকের পর সন্ধ্যায় র্যাবের পাহারায় ইমনকে এবং জব্দকৃত বিদেশি মদগুলোকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”
সীমান্তঘেঁষা জৈন্তাপুর এলাকায় মাদক চোরাচালান ও মজুদের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অব্যাহতভাবে এ ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।