জৈন্তাপুরে কৃষকদের কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়া দিতে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স (ফ্রীপ) প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে ও বিনামূল্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। তিনি কৃষকদের হাতে পাওয়ার স্প্রেয়ার ও ধান কাটার রিপারসহ অন্যান্য কৃষিযন্ত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, “সরকার কৃষকদের পাশে আছে। যন্ত্রপাতিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ উপসহকারী কর্মকর্তাগণ এবং এলাকার কৃষকরা।
জানা গেছে, ফ্রীপ প্রকল্পের আওতায় এদিন ৩০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ২টি সোলার ইরিগেশন সিস্টেম, ২৫টি এলএলপি, ১৫টি গার্ডেন টিলার, ৫টি বেড প্লাষ্টার, ২০টি রিপার, ৩টি পাওয়ার প্লান্টার ও ১টি ট্রাক্টর বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের উদ্যোগের ফলে কৃষি উৎপাদন যেমন বাড়ছে, তেমনি সময় ও শ্রম সাশ্রয় হচ্ছে। কৃষকদের মাঝে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.