
সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—গোয়াইনঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র মো. আশিক মিয়া (১৯) এবং একই উপজেলার রাধানগর (ভিত্রিখেল) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (২৭)।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জৈন্তাপুর উপজেলার লামাপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান চালায় ১৯ বিজিবির দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপি’র টহল দল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি রানার মোটরসাইকেল আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধরে ফেলে বিজিবি সদস্যরা। পরে তল্লাশিতে আশিক মিয়ার পকেটে লুকিয়ে রাখা একটি নীল পলিথিন ব্যাগ থেকে ১৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৯০০ টাকা। শনিবার সন্ধ্যায় জব্দকৃত আলামতসহ আটককৃতদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান চালানো হয়।”
তিনি আরও বলেন, “সীমান্তে মাদক প্রবাহ রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।”