
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট হওয়ায় আজ সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা ছিল। তবে সকাল থেকেই সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলায় মাঠ ঢেকে রাখা হয়েছে । তবে সিলেটে এখন বৃষ্টি নেই,আকাশে উঁকি দিয়েছে ঝলমলে রোদ। তবে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড।
এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।
এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।
সিলেটে এখন বৃষ্টি না থাকাতে মাঠ শুকানোর কাজ পর্যবেক্ষণ করছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ। তবে খেলা কখন শুরু হবে,তা জানা যায়নি এখনও। বৃষ্টি থেমে মাঠ খেলার উপযোগী হলে দ্রুতই তৃতীয় দিনের খেলা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।