
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারত থেকে পাচারকৃত লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি এবং পানসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের লেফট্যানান্ট কর্ণেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে এ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামালগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।