
সিলেট সীমান্তজুড়ে চোরাচালান রোধে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় বড় ধরনের সাফল্য এসেছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় দুই কোটি ৫৫ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাওর এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় পরিচালিত এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা লেহেঙ্গা, বিভিন্ন প্রসাধনী পণ্য (যেমন স্কিন শাইন, ক্লপ জি, নিভিয়া), খাদ্যপণ্য (জিরা, চিনি, ফুচকা, বাসমতি চাল, চকলেট, বিস্কুট), বিভিন্ন ধরনের পোশাক (থ্রি পিস, ফ্রগ, লুঙ্গি, ওড়না), ও জীবনধারাভিত্তিক সামগ্রী (সানগ্লাস, সুপারি, আইবল ক্যান্ডি, মদ) সহ একটি মহিষও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২,৫৫,৬৯,৫৯৫ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, এসব পণ্য সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা চলছিল। তবে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়ার ফলে চোরাকারবারীরা পিছু হটতে বাধ্য হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা ও মাঠপর্যায়ের সদস্যরা সর্বদা প্রস্তুত। আজকের এই অভিযান তারই প্রমাণ।”
এই ধরনের অভিযান শুধু অর্থনৈতিক ক্ষতি রোধই নয়, সমাজে অবৈধ পণ্য প্রবেশ ঠেকিয়ে জনস্বাস্থ্যের নিরাপত্তাও নিশ্চিত করছে। সংশ্লিষ্ট চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।
সীমান্তে এমন ধারাবাহিক তৎপরতা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এক সাহসী উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।