
ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোকলেসুর রহমানসহ শিক্ষকদের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে কক্ষে ঢুকে প্রধান শিক্ষকের গায়েও হাত তুলে লাঞ্ছিত করে শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) দুপুরে বিদ্যালয়ের কক্ষে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক ও কর্মচারীদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মোকলেসুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ছাড়া, গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর নিকট দেন শিক্ষার্থীরা।
এরপর থেকে প্রধান শিক্ষক মোকলেসুর রহমান বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। তবে সোমবার সকালে তিনি বহিরাগত কিছু লোক নিয়ে বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায়। পরে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের কক্ষের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে দেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রধান শিক্ষকের রুমের মধ্যে শিক্ষার্থীরা প্রবেশ করে প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষকদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
তবে, বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, স্কুলে ঝামেলা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারীদের উদ্ধার করা হয়। এখন পরিবেশ শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, স্কুলে একটু ঝামেলা হয়েছিল, কি কারণে এ ধরনের ঘটনা ঘটলো বিষয়টি তদন্ত করে দেখা হবে।