
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে এ তথ্য দেন। পুশইন করা লোকজন বাংলাদেশের কুড়িাগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
তারা ২০ বছর পূর্বে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটার শ্রমিকের কাজ করতেন বলে জানান। পুশইন করা ব্যক্তিরা হলেন- লোকমান হোসেন ৬৫, তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ছেলে ইসলামের স্ত্রী জেসমিন (২৩), ইসলামের মেয়ে রেশমা (৫), লোকমান হোসেনের ছেলে ইসমাইলের স্ত্রী কাকলি বেগম (২২), ইসমাইলের ছেলে শাহজাহান (২), তাদের আত্মীয় নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪), ছখিনা (৬০)।
ওসি মো. নূর আলম বলেন, ‘পুশইন হওয়া সবাই বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছেন। তাদের ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে টেলে দেয় বিএসএফ।
এই ১৯ জন নারী, পুরুষ ও শিশুরা কুড়িগ্রাম জেলার ৩টি পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে পরিবারগুলো প্রায় ২০ বছর ধরে ভারতে ছিল।’
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘পুশইন হওয়া সবাই কালেঙ্গা সীমান্তে বিজিবির পাহাড়ায় রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।