
প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে কুয়েত সরকার। ভিসার শর্ত পূরণ করতে ব্যর্থ হলে পরিবারকে দেশে পাঠিয়ে দিতে বলা হচ্ছে।
নতুন নিয়মে বলায় হয়েছে, যারা ৮০০ দিনার বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েতে থাকতে পারবে না।
কুয়েত সরকার জানায়, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ আর থাকছে না।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভিসা নীতি বাস্তবায়নে ইতোমধ্যে তৎপরতাও শুরু করেছে। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরইমধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলা হয়েছে।
যেসব প্রবাসী ৮০০ কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী-সন্তানকে কুয়েতে এনেছিলেন, কিন্তু পরে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় সেই শর্ত আর পূরণ করছেন না- তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও তাদের আবেদন প্রাথমিকভাবে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অনুমোদিত হয়েছিল, তবে বর্তমানে সেই যোগ্যতা হারানোয় তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা।
প্রসঙ্গত, কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা। কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.