
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন মিনাটিলা বিওপি সীমান্ত এলাকায় ভারতের ৪ ব্যাটালিয়নের সদস্যরা এই পুশইন কার্যক্রম চালায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পুশইন হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেখান থেকে তাদের ফিরিয়ে পাঠানো হয়েছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
আটকদের মধ্যে রয়েছে তিনটি পরিবারের ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৭ জন শিশু। বিজিবি জানায়, সীমান্তে পুশইনের পরপরই মিনাটিলা বিওপি’র টহল দল তাদের আটক করে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, সীমান্তে পুশইন নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার পুশইনের ঘটনা সীমান্ত নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করছে।
বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।