
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের সফল অভিযানে ভারতীয় তৈরি ১৮ বোতল মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার একটি দল এ অভিযান চালায়।
অভিযানটি নেতৃত্ব দেন এসআই ওবায়দুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এএসআই শাহরিয়ার হাসানসহ আরও কয়েকজন সঙ্গীয় পুলিশ সদস্য। অভিযানকালে ভারতীয় তৈরি অবৈধ ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। আটককৃত যুবক উপজেলার ভিত্রিখেল গ্রামের বাসিন্দা, আমির আলীর পুত্র শাকিল আহমদ (২৬)।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রবেশ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।
তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের এমন তৎপরতা স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়েছে। এলাকাবাসীও এ ধরনের অভিযানে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।