
সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কে চলমান যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মহলের সঙ্গে হাইওয়ে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুন) বিকাল ৩টায় জৈন্তাপুরের তামাবিল হাইওয়ে থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট জেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম কিবরিয়া, ট্রাফিক সার্জেন্ট দীনার আলী মুন্সি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মোরসালিন রুহেল, জৈন্তাপুর মালিক সমিতির উপদেষ্টা শামীম আহমদ, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কৃষক দলের মহানগর যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী ফতেহপুর ইউনিয়নের আমীর কামরুল ইসলাম বাবর, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুহেব আহমদ প্রমুখ।
সভায় মহাসড়কে চলাচলরত যানবাহনের সমস্যা, শ্রমিকদের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা নিয়ে শ্রমিক নেতা লুৎফর রহমান একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন।
বক্তারা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সভা পূর্বে হাইওয়ে থানার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভাটি সঞ্চালনা করেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।
সভা শেষে এক প্রেসব্রিফিংয়ে হাইওয়ে পুলিশ সুপার জানান, সিলেট-তামাবিল মহাসড়কটি ইতিপূর্বে আঞ্চলিক মহাসড়ক ছিলো, সরকার এটিকে জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণা করেছে। খুব দ্রুতই এ রুটে ৬ লেনের কাজ শুরু হবে। ইতোমধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে সুধীজন, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সরকারের গেজেট অনুযায়ী আগামীকাল (১ জুলাই) থেকে ২০ বছর পার হওয়া যাত্রীবাহী বাস ও ২৫ বছর ধরে চলা ট্রাক-কাভার্ডভ্যান রাস্তায় চলতে পারবে না,এ নিয়ে অভিযান শুরু হবে।
এছাড়া চোরাচালানবিরোধী ও ফিটনেসবিহীন যানবাহন আটক অভিযানও চলমান থাকবে।
সভা শেষে সংশ্লিষ্ট সকল পক্ষ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।