সিলেটের জৈন্তাপুর উপজেলায় দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল এবং উক্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের স্থায়ী ভূমি বন্দোবস্তের দাবিতে পাঁচ মৌজার জনসাধারণের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত দ্যা মেঘালয় টি এস্টেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে বাসস্ট্যান্ড সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে পাঁচ মৌজার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচ মৌজার বর্ষীয়ান মুরব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১নং নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, কামাল উদ্দিন, জি এম সুফিয়ান, আব্দুস সালামসহ পাঁচ মৌজার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাঁচ মৌজার মানুষ দ্যা মেঘালয় টি এস্টেট এলাকায় বসবাস করে আসছেন। কিন্তু আজও তারা ভূমির স্থায়ী স্বত্ব লাভ করেননি। ইতিপূর্বে বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোনো অগ্রগতি দেখা যায়নি।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে আন্দোলনের পরিধি উপজেলা পেরিয়ে জেলা সদরে নিয়ে যাওয়া হবে। প্রয়োজনে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও আল্টিমেটাম দেন নেতারা।
সমাবেশ শেষে পাঁচ মৌজাবাসী তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.