সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয় গরু-মহিষসহ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) এ অভিযান পরিচালনা করে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ ও ১৫টি গরু আটক করে। এসব গবাদিপশুর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, একইদিনে সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপি’র আরেকটি আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু, ৬ হাজার ৫০০ পিস সুপারি এবং ২৫০ কেজি চিনি আটক করে। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৫ লক্ষ ২০ হাজার টাকা।
দুই অভিযানে বিজিবি’র হাতে আটক হওয়া গরু-মহিষ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৭০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। বিজিবির চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.