'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ সুনামগঞ্জ আসছেন বৃহস্পতিবার। রাত্রিযাপন শেষে শুক্রবার জুম্মা নামাজ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে হতে যাচ্ছে সমাবেশ। জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের ট্রাফিক পয়েন্ট এসে সমাবেশে বক্তব্য দিবেন নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে শহরের পাবলিক লাইব্রেরিতে (জগৎজ্যোতি পাঠাগার) সংবাদ সম্মেলন করে কর্মসূচির কথা জানিয়েছেন এনসিপির জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)। তিনি জানান, জুলাই পদযাত্রার এই কর্মসূচি নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে। অন্তত ১৫ হাজার মানুষ সমবেত হবেন সমাবেশে। তিনি বলেন, মরমী বাউল সাধকদের জেলা সুনামগঞ্জ। এখানকার রাজনৈতিক সংস্কৃতি দেশের অন্য যেকোন জেলার চাইতে ভিন্ন। জাতীর ঘাড়ে চড়ে বসা ফ্যাসিস্ট সরকার উৎখাতে যারা অগ্রভাগে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা সকলকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন তাদের অভ্যর্থনা জানাতে সুনামগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে আসবেন।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ অনেক নেতৃবৃন্দ থাকবেন।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোহাম্মদ নাছিম, শহীদুল ইসলাম, ফয়সল আহমেদ, ডা. বিকাশ রঞ্জন দাস. শিবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিপির কর্মসূচি ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জনসমাগম ঘটবে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোন বিশৃঙ্খল পরিবেশ যেন না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.