
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। ২৫ ও ২৬ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চালানো হয় বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপির আওতাভুক্ত এলাকাসমূহে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু, এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও আটক করা হয়।
এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রি-পিস আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৩,২৬,৪২,২০০ টাকা (তিন কোটি ছাব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত)।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সাথে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করা হচ্ছে।
আটককৃত মালামালসমূহের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।