সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দলই পাড়া গ্রামের আলহাজ্ব আব্দুল্লার পুত্র দেলোয়ার হুসেন মাত্র দুই বছরের শ্রমে প্রতিষ্ঠা গড়েছেন এক সফল কৃষক হিসেবে।
২০১৬ সালে নিজ মালিকানাধীন ৫ বিঘা জমিতে তিনি গড়ে তোলেন একটি পরিকল্পিত লেবু বাগান। সেখানে তিনি রোপণ করেন প্রায় ১,৭৫০টি লেবু, আধা লেবু ও কাটা জামির গাছ।
দুই বছর ধরে নিরলস পরিশ্রম করে বাগানের পরিচর্যা করেন তিনি। অবশেষে ২০১৮ সালের জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র-এই চার মাসেই ফিরতে শুরু করে বাগানের ফল। ওই বছরে প্রায় ৪ লক্ষ টাকার লেবু বিক্রি করে খরচ বাদে লাভ করেন এক লক্ষ টাকা।
প্রতি বছর তার আয় বেড়েছে ধারাবাহিকভাবে। ২০২৪ সাল পর্যন্ত গত নয় বছরে প্রায় ৯ লক্ষ টাকা লাভ করেন তিনি। শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, একজন উদ্যোক্তা কৃষক হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
দেলোয়ার হুসেন বলেন, শুরুর দিকে অনেক কষ্ট হয়েছে, নিজের শ্রমে গাছ লাগানো, পরিচর্যা,সব নিজেই করেছি। আজ যখন বাগান থেকে ফল আসে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে।
বর্তমানে তিনি একটি সফল কৃষক ও উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত। তার বাগানে কাজ করে উপকৃত হচ্ছেন স্থানীয় শ্রমিকরাও।
উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, দেলোয়ার হুসেনের মতো উদ্যোক্তা কৃষকেরা নতুনদের জন্য অনুপ্রেরণা। পরিকল্পিতভাবে বাগান করলে কম জমিতেও সাফল্য অর্জন সম্ভব,এর জীবন্ত উদাহরণ দেলোয়ার হুসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.