
হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন লাখো গ্রাহক।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে জাতীয় গ্রিডের ‘টি আর-টু’ ব্রেকারে আগুন লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন।
তিনি বলেন, “দুই দিন আগের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ সোমবার সকালেই সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছিল। তবে দুপুরে আবারও আগুন লাগে, ফলে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।”
এর আগে গত ৩১ জুলাই সন্ধ্যায় সুইচিং উপকেন্দ্রে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দুটি সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমার পুড়ে যায়।
রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও মেরামতকাজে সময় লেগেছিল প্রায় দুই দিন। এতে জেলার পাঁচ লাখের বেশি গ্রাহকের মধ্যে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়, যেখানে দৈনিক চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট। শহরের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ফিরে আসে ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে।
নতুন এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রের আরেক উপসহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম জানান, “দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।”