
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জন হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ গ্রেপ্তারের পর হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, তিনি নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারের পর নৌকাযোগে তাকে থানায় নেওয়া হচ্ছিল। এ সময় বাড়ির সামনের এলাকায় পৌঁছালে হঠাৎ লাফিয়ে পড়ে হাতকড়াসহ পালিয়ে যান মজিদ।
ঘটনার পরপরই দুপুর ১টা ১৫ মিনিটে এলাকাবাসী জানান, বিপুলসংখ্যক পুলিশ আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি অভিযান চালায়। তবে তাকে ধরতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
হবিগঞ্জ জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র মজিদের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।