
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস মনোনীত সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শায়খ আলী হাসান উসামা। তিনি বলেন, বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হবে।
রবিবার (১০ আগস্ট) বাদ মাগরিব সিলেটের চিকনাগুল বাজারের আল মাসিম টাওয়ারের সামনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা জহির উদ্দিন এবং সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী ও জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আজমল হক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পথসভা শুরু হয়, তেলাওয়াত করেন হাফিজ আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের নির্বাচনী কমিটির আহ্বায়ক মাওলানা শামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রাব্বানী, গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি কাজী মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ মঞ্জুর, সিলেট-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদ হাসান চৌধুরী, ৬নং চিকনাগুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ফাহিম এবং জৈন্তাপুর উপজেলা ছাত্র মজলিস সভাপতি হাফিজ মাওলানা হোসাইন আহমদ জোবায়ের।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।