
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেটের অভিযানে জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭,০০০ ঘনফুট পাথর জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি নির্মূলসহ নানা ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধে প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে।
গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
এরই ধারাবাহিকতায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি টহল দল সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আজ (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় অভিযান চালায়। এতে জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পাথর ট্রাকে করে জাফলং নদীতে পুনঃনিক্ষেপের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব-৯ নিশ্চিত করেছে।