
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত এক থেকে দেড় হাজার জনকে আসামী করে মামলা করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করা হয়।
মালার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি আরো জানান, সাদা পাথর লুটের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে সাড়াশি অভিযান অব্যাহত আছে।
মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে গত তিন দিনে প্রশাসনের অভিযানে লুট হওয়া প্রায় এক লক্ষ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।