
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসিনুর রহমান এবং সঞ্চালনা করেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছ আমাদের জাতীয় সম্পদ, আর দেশী মাছের প্রজাতি রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরী। মৎস্য চাষের আধুনিক পদ্ধতি গ্রহণ করলে স্থানীয় খামারীরা আরও বেশি লাভবান হবেন। উপজেলা প্রশাসন সর্বদা খামারীদের পাশে থাকবে।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী তার বক্তব্যে বলেন, দেশী মাছ সংরক্ষণ শুধু খাদ্য নিরাপত্তার জন্য নয়, বরং আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যও জরুরি। তরুণ প্রজন্মকে মৎস্য চাষে উৎসাহিত করতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্য খামারীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।