
শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ৭ দফা দাবি
হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অব্যাহতি প্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব ও তার সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে তারা ৭ দফা দাবি উত্থাপন করে।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে সেনা ক্যাম্পের সামনে শেষ করে। পরে সেখানে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন—অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক ব্যক্তিগত আক্রোশের কারণে বহিরাগত কিছু দুষ্কৃতকারীদের নিয়ে বিদ্যালয়ে মব সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তারা শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপমানিত ও অপদস্ত করেছেন। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষক ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে দীর্ঘদিন বিদ্যালয়ে না এসে বাসায় অবস্থান করতে বাধ্য হন। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং এসএসসি পরীক্ষার ফলাফলেও ব্যাপক বিপর্যয় ঘটে।
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসায় আবারও শিক্ষার পরিবেশ ফিরতে শুরু করেছে। কিন্তু আতাউর রহমান বিপ্লব গং পুনরায় পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাই বিদ্যালয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বহিরাগত একটি চক্র বারবার বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কিত করছে। এতে দীর্ঘদিন পাঠদান ব্যাহত হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ওই চক্র আবারও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত বছরের পহেলা সেপ্টেম্বর থেকে উপজেলা প্রশাসন প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে মৌখিক ছুটিতে পাঠায়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত জেলা প্রশাসন সম্পন্ন করে এবং তা মাউশিতে প্রেরণ করে। পরবর্তীতে মাউশি শোকজ করলে তারা জবাব দাখিল করেন। বর্তমানে এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হওয়ায় ওই তিন শিক্ষক পুনরায় কাজে যোগ দেন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সাথীর কাছে স্মারকলিপি প্রদান করে।