
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীর তীরবর্তী এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে।
পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাবাজার সংলগ্ন নদীর তীর থেকে প্রায় ৩৫ ট্রাক বালু জব্দ করা হয়।
পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব বালু ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়। একই অভিযানে স্থানীয় একটি ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথরও জব্দ করা হয়। তদন্তে প্রমাণিত হয়েছে, পাথরগুলো অবৈধভাবে রাংপানি নদী থেকে উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রাশার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রশাসন।
অভিযানের সময় শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় অবৈধ উত্তোলন প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হয়। পাশাপাশি সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডে অনধিকার প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বিজিবিকে বাড়তি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী সাংবাদিকদের বলেনঃ- অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলন শুধু পরিবেশের ক্ষতি করছে না, বরং জাতীয় সম্পদকেও হুমকীর মুখে ফেলছে। আমরা চাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দিতে।
এ বিষয়ে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কেউ যদি অবৈধভাবে জাতীয় সম্পদ লুটে নিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে দেশের প্রাকৃতিক সম্পদ অবৈধ দখল বা লুটের কারণে ক্ষতিগ্রস্ত না হয় বরং সংরক্ষিত থাকে এবং জাতীয় উন্নয়ন ও পরিবেশের ভারসাম্যে ইতিবাচক অবদান রাখতে পারে।