
সীমান্ত সুরক্ষায় অবিচল ভূমিকা রেখে চলেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র আভিযানিক টহল দল সীমান্তবর্তী শূন্যরেখায় বিশেষ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৫০০ কেজি ভারতীয় চিনি ও ১৪৪ কেজি চা-পাতা আটক করা হয়। আটককৃত এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল পৃথক অভিযানে ২০০ কেজি ভারতীয় টমেটো ও ২৭০ কেজি বাঁধাকপি আটক করতে সক্ষম হয়। আটককৃত সবজির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
দুই অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।