
আজমিরীগঞ্জের পাহারপুর বাজারের রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙেচুরে সৃষ্টি হয়েছে বড় বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বাজারের রাস্তাটি দিয়ে চলাচল করা যাচ্চে না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের।
বাজারের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। এতে করে বাজারের স্বাভাবিক অবস্থা ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে বাজারে আসা নারী ক্রেতাদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে। অনেক সময় গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটছে। স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহারপুর বাজারের মধ্যবর্তী স্থানে মূল রাস্তাটি ভেঙে খানাখন্দে ভরা। বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কাঁদা মাটিতে চলাছল করতে হচ্ছে।
বাজার পরিছালনা কমিটির সভাপতি বাদল তালুকদার জানান, দীর্ঘদিন যাবৎধরে বাজারের মধ্যবর্তী স্থান ভেঙে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্নস্থানে গিয়েছি কিন্তু কোন ফলাফল পাচ্ছি না।
ব্যবসায়ি হরিদাস জানান, রাস্তাটিতে বড়বড় গর্ত সৃষ্টি হয়ে খানাখন্দ হয়ে পড়ার কারনে ক্রেতারা এ বাজারটি তে বিমুখী হয়েছে। যার কারনে ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। তাই তিনি রাস্তাটিকে দ্রুত সংস্কারের দাবি জানান।
বাজারে আগত ক্রেতা সুপ্রেন্দ্র দাস জানান, বাজারটি কিছুদিন আগেও জমজমাট ছিলো। সব ধরনের নিত্য প্রয়োজনিয় সামগ্রী পাওয়া যেতো। কিন্তু রাস্তাটি ভেঙে কাঁদায় একাকার হয়ে যাওয়ার কারনে আসতে ইচ্ছা হয়না। গত কয়েকদিন আগে এক নারী নিত্য প্রয়োজনী সামগ্রী নিয়ে ফেরার সময় গর্তে পড়ে তাঁর সকল পণ্য নষ্ট হয়ে যায়। এছাড়া তিনিও আঘাত প্রাপ্ত হন।
এবিষয়ে জানতে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী এলজিইডি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে এক কর্মচারী জানান, এটা সংশ্লিষ্ট ইউনিয়নের কাজ। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরী মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কোন সারা পাওয়া যায়নি।