
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
এসময় শূন্যরেখা থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়াও একই দিনে জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ আটক করে। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।
সবমিলিয়ে দুটি অভিযানে বিজিবি মোট ১১টি ভারতীয় গরু ও ১টি মহিষ আটক করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।