
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ অমর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তামাবিল হাইওয়ে থানার পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল হাইওয়ে থানার একটি টহল টিম চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি লোকাল বাস (রেজিঃ নাম্বার- সিলেট-জ-১১-০১৭৭) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় বাসের পিছনের সীটের ডান পাশে বসা যাত্রী শাহপরান (রাঃ) থানার আদর্শ গুচ্ছগ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে অমর আলীকে জিজ্ঞাসাবাদের পর তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পরিহিত কালো প্যান্টের বাম পকেট থেকে একটি কালো জীপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে গোলাপী রঙের মোট ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ হাজার ৪শ টাকা।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ অমর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।