
মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ জেলা:- হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় থানা কার্যালয়ে আয়োজিত সভায় সঞ্চালনা করেন সাব ইনস্পেকটর মো. আমিনুল ইসলাম।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার, ইভটিজিং, অনলাইন জুয়া, নাইন মার্ডার মামলার আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ডেভিলহান্টসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোধের তাগিদ দেন। এছাড়াও বিভিন্ন বাজারে টমটম ও মিশুক থেকে সৃষ্ট যানজট নিরসন, থানাকে দালালমুক্ত করা এবং মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করার দাবি জানান।
এসময় নবাগত ওসি মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শুনে বলেন, “অপরাধ দমনে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়, আর আমার থানায় চাহিদানুসারে পুলিশ কর্মকর্তা নেই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনারা সমস্যাগুলো তুলে ধরেছেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করব সেগুলো সমাধান করার। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী বানিয়াচং থানার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। কোনো দালালচক্রকে প্রশ্রয় দেওয়া হবে না এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. রহিম, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, সভাপতি মোশাররফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন ও আক্তার হোসেন আল হাদি, বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক মো. আনছার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মো. ফারুক মিয়া ও মোবাশ্বির মিয়া প্রমূখ।