
মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ জেলা:-হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষার্থীদের নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় এসআই সজীব ঘোষ, ওয়াহিদুজ্জামান ও এএসআই মহসিন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইভটিজিং, বখাটেদের উৎপাত রোধ, কিশোর গ্যাং চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য হোন্ডা মোবাইল টহল পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও যাতায়াতের পথে কিছু বখাটে তরুণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হয়রানি করে আসছিল। এতে অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে মাঠে নামে। পাশাপাশি এলাকার কিশোর গ্যাং সদস্যদের তালিকা প্রণয়ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এবং এসআই ফুলচানের পরিচালনায় জনাব আলী সরকারি ডিগ্রি কলেজ, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিভাবক ও সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে অব্যাহত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারা ইভটিজিং, পথরোধ কিংবা গ্যাং সংস্কৃতির মাধ্যমে অশান্তি সৃষ্টি করবে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।