
মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ জেলা:- হবিগঞ্জের বানিয়াচংয়ে জুম্মার নামাজের আগে এক বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার পূর্ব মুহূর্তে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চানপাড়া জামে মসজিদে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দূর করতে হলে পরিবার থেকেই সচেতনতার সূচনা করতে হবে। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তোলে, তবেই সমাজে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
তিনি আরও বলেন, “আমরা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করি না, বরং আপনাদের সেবক হিসেবেও পাশে থাকতে চাই। তবে একা পুলিশের পক্ষে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার যৌথ উদ্যোগেই একটি সুস্থ, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
এছাড়াও উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আপনাদের পরিবার-পরিজনকে সঠিক পথে পরিচালিত করবেন, সন্তানদের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবেন। মনে রাখবেন, অপরাধ দমনের সবচেয়ে বড় শক্তি হলো জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ।”
এসময় মুসুল্লিরা বলেন, সামাজিক ব্যাধি দূর করতে হলে প্রত্যেক পরিবারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।