মোস্তফা হোসেন সম্রাট:- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আসন্ন শাকসু নির্বাচন আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,
> “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে। আমরা চাই শাবিপ্রবিতেও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হোক। এজন্য সবার সহযোগিতা দরকার, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের।”
তিনি আরও বলেন,> “শিক্ষার্থীরা যেন পাঠদানে ব্যাঘাত না ঘটিয়ে নির্বাচনমুখী হয় এবং কেউ সংঘাতে জড়ায় না, সেটাই প্রত্যাশা। নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি পাবে, প্রশাসনের সঙ্গে কার্যকরভাবে দাবি-দাওয়ার বিষয়ে যোগাযোগ করতে পারবে।”
সেমিস্টার শেষে নির্বাচন
উপাচার্য জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে। পরীক্ষা শেষ হবে অক্টোবরের ১৫ তারিখের দিকে। এরপরই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন,> “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রণয়ন করবে। পাশাপাশি এখনো অসম্পূর্ণ থাকা হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজও সম্পন্ন করা হবে।”
২৮ বছর পর আবার শাকসু
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র অনুযায়ী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে ১৯৯৩ সাল থেকে মোট তিনবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.