
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বাসচাপায় বানিয়াচংয়ের মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘির পশ্চিম পাড়ের সৈয়দ আলীর স্ত্রী ও পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদিঘির পশ্চিম পাড়ের সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) সকাল বেলায় তার শিশু পুত্র তর্কি (৪) কে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজের সামনে রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান। এ সময় আরও কয়েকজন পথচারী আহত হন এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ি ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। ফলে নিয়মিতই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
নিহত মা-ছেলের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।