বানিয়াচং উপজেলার সুপরিচিত আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল ওয়াদুদ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
তাঁর যোগদানকে ঘিরে উপজেলা জমিয়তের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জমিয়তের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি এখলাছুর রহমান রিয়াদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাওলানা আব্দুল ওয়াদুদ একজন আলেমে দ্বীন হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তাঁর দাওয়াতি কার্যক্রম, ওয়াজ-নসিহত এবং সামাজিক কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। তাঁর যোগদান শুধু জমিয়তের সাংগঠনিক শক্তি বাড়াবে না, বরং জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, হবিগঞ্জ-২ আসনকে ঘিরে জমিয়তের কার্যক্রমে মাওলানা আব্দুল ওয়াদুদের সম্পৃক্ততা সংগঠনের জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে। বিশেষ করে গ্রামীণ জনপদে তাঁর ধর্মীয় ও সামাজিক প্রভাব দলীয় প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমন এক সময়ে, যখন ইসলামপন্থি রাজনীতির ভূমিকা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা চলছে, তখন একজন জনপ্রিয় আলেমের জমিয়তে যোগদানকে নেতারা ‘নতুন দিগন্তের সূচনা’ হিসেবে দেখছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আমীর আহমদ, হাফিজ উদ্দিন খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ শহিদুল ইসলামসহ যুব ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.