মৌলভীবাজারের বড়লেখায় এক নারীর গলায় দা ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তাজিম নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মায়ারুন নেছা বড়লেখা থানায় মামলা দায়ের করলে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান অভিযান চালান। পরে রাতে মহদিকোনা এলাকা থেকে তাজিমকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.