
ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে সুনামগঞ্জ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চাঞ্চল্যকর ঘটনার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ অঞ্চলের আভিযানিক টিম। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন র্যাব-৯ (সিপিসি-৩) এর কোম্পানি অধিনায়ক কপিল দেব গাইন।
গ্রেফতার হওয়া ৬ জনকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই উর্ধ্বতন কর্মকতা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম সোহেল, মোছা. শাহানা পারভীন, মশিউর রহমান ওরফে মাসুক, শফিউর রহমান, রিনা আক্তার ও নারগিস আক্তার। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এই প্রতারকচক্র।
গত ১১ নভেম্বর রাতে গাইবান্ধা র্যাব এর সহযোগিতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামের আমিরুল মিয়ার বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্রের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রয়েছে।