
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-১ আসনে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রেখেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চিকসা, বালিজুরী ইউনিয়নের আনোয়াপুর, বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে একযোগে বিক্ষোভ করেছেন তৃণমূল বিএনপি ও সাধারণ জনতা।
বিক্ষোভ পরবর্তী সভায় বক্তারা বলেন, মনোনয়নকে ঘিরে নেতাকর্মীদের বৃহৎ একটি অংশের মনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এর মাত্রা দিন-দিন বাড়ছে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন থেকে বঞ্চিত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চূড়ান্ত মনোনয়নে যেন মাঠ জরিপে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিকে বিবেচনা করা হয় এজন্য বিএনপির হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। তাদের দাবি, মনোনয়ন প্রত্যাশী হাওরবন্ধু কামরুজ্জামান কামরুল-কে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হউক। নইলে সুনামগঞ্জ-১ আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি বলে বক্তারা জানিয়েছেন।
কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক নন্দিত চেয়ারম্যান। দলের দুর্দিনে-দুর্বিপাকে রাজপথে থাকা কামরুজ্জামান কামরুল হাওরবাসীর প্রাণের মানুষ হয়ে ওঠেছেন। তাদের প্রিয় নেতাকে মনোনয়ন না দেওয়ায় চরম ক্ষুব্ধ তৃণমূল বিএনপি ও সাধারণ জনতা।