হবিগঞ্জের বানিয়াচংয়ে সুদের টাকার অসহনীয় চাপ ও ক্রমাগত আর্থিক সংকটের দুঃসহ বোঝা সহ্য করতে না পেরে মো. মোজাম্মিল মিয়া (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রথমরেখ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত মোজাম্মিল ওই গ্রামের মো. সদর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক মাস ধরে চরম আর্থিক সংকট ও সুদের বোঝায় মোজাম্মিল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রথমে তিনি ওয়ার্কশপের ব্যবসা করলেও পরে ব্যবসা ছেড়ে সুদের টাকার লেনদেনে যুক্ত হন। একই সময় তিনি অনলাইন জুয়ার দিকেও ঝুঁকে পড়েন। এর ফলে বিভিন্ন মহাজনের কাছ থেকে সুদে টাকা নেন এবং দিন দিন দেনার পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত সুদের চাপ, পাওনাদারদের মানসিক চাপ এবং সংকট থেকে বের হতে না পারার হতাশায় তিনি চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
বুধবার বিকালে নিজ ঘরের ভেতর টিনের চালের বর্গার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেও ততক্ষণে তিনি নিথর হয়ে পড়েছিলেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরে কোনো অভিযোগ না থাকায় তাকে পারিবারিক ভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় প্রথমরেখ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারে চলছে আহাজারি ও কান্নার রোল। এক তরতাজা যুবকের এমন অকালমৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.