স্টাফ রিপোর্টার::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় হরিপুরের উমনপুর এলাকায় ভোররাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে এক ডাম্পার চালককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার সময় চালককে হাতেনাতে আটক করা হয়।
পূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আইন অমান্য করায় তাকে দণ্ড দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। পরিবেশ ধ্বংসকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও আমরা সতর্ক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে পাহাড়, বালু বা মাটি কাটার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না-সে যত প্রভাবশালীই হোক। নির্বাচনী দায়িত্বের পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবেশ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তদবির বা সুপারিশকারীকেও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.