জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত টাস্কফোর্সের অভিযানে বালু উত্তোলনকারী ২ জনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৪নং বাংলা বাজার সংলগ্ন কেন্দ্রি মৌজার রাংপানি নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষ প্রমাণিত হওয়ায় আলমগীর আহমদ (৪০) কে ৭ দিনের এবং আব্দুল হক (৫৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। অবৈধ বালু উত্তোলন পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ এবং জন-নিরাপত্তার জন্য মারাত্মক হুমকী। আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশ অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরিবেশ বিদ্দ্যেশী কর্মকাণ্ড বন্ধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা এই অভিযানকে সময়োপযোগী ও সাহসী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকলে রাংপানিসহ জৈন্তাপুরের নদী ও পরিবেশ রক্ষা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.